স্বরাষ্ট্রমন্ত্রী-সালাহউদ্দিন আহমদ-newsedge4

ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তাঁকে প্রত্যর্পণের জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমার অপেক্ষা না করে মাত্র তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় সব কাগজপত্র ও নথিপত্র দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন, ২০২৬) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ফেডারেল পুলিশ ই-মেইলের মাধ্যমে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তারের খবর আমাদের জানায়। তারা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর অনুরোধ করেছিল। কিন্তু বর্তমান সরকারের কাজের গতি অত্যন্ত দ্রুত। আমরা সেদিনই প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিই, যা ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দুবাইতে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা ৩০ দিন নয়, মাত্র তিন দিনের মধ্যেই সমস্ত নথিপত্র পাঠিয়েছি।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে ফিরিয়ে নিতে আরব আমিরাতের চিঠি

তিনি আরও জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর এজাহার ও অভিযোগপত্রসহ প্রায় ১৪৪ পৃষ্ঠার নথিপত্র সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় ভাষায় (আরবি) অনুবাদ করে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যেহেতু শুক্রবার ও শনিবার ছুটি ছিল, তাই দুবাই থেকে এখনও কোনো প্রতি-উত্তর আসেনি। রোববার (কাল) আমরা এ বিষয়ে খোঁজ নেব।’

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সরাসরি বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকলেও ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স রিকোয়েস্ট’ (এমএলএআর) এবং জাতিসংঘ চার্টার (UN Charter)-এর আওতায় এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেনজীর আহমেদকে ফেরত পাঠানোর ব্যাপারে তাদেরও নিজস্ব আইনি প্রক্রিয়া আছে। তবে সরকার এই বিষয়ে সর্বোচ্চ তৎপর ও ‘লেগে থাকবে’। এর আগেও এই ব্যবস্থার মাধ্যমে দুই দেশ বন্দী বিনিময় করেছে।’

আরও পড়ুন:  দিল্লি বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন তথ্য উপদেষ্টা

দুর্নীতির মামলায় পলাতক থাকা সাবেক এই প্রভাবশালী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দেশে বর্তমানে ৬টি মামলা তদন্তাধীন ও বিচারপ্রক্রিয়ায় রয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার সব ধরনের আইনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

1 comment on “৩ দিনেই বেনজীরকে ফেরানোর নথি দুবাইয়ে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *