বিএনপি-BNP-flag-newsedge4

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদে মনোনয়ন পেয়েছেন দলটির চার নেতা। শনিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের স্বাক্ষর করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মনোনীত নেতারা হলেন রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, মো. ইসমাইল জবিউল্লাহ ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর সাংগঠনিক ভিত মজবুত করতে দল পুনর্গঠনে মনোযোগ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে যে কোনো সময় জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। পর্যায়ক্রমে অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের কমিটি গঠন করা হবে। পাশাপাশি বিএনপির জেলা, মহানগরসহ তৃণমূলের কমিটিগুলো ঢেলে সাজানো হবে। খুব শিগগির একাধিক টিম তৃণমূল পর্যায় সফর করতে পারে।

দলটির নেতারা বলেন, সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির প্রার্থী হিসেবে তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে স্থায়ী কমিটির আরও দুই নেতা এই পদে বসার আগ্রহ প্রকাশ করেছেন। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার পর ধাপে ধাপে পুনর্গঠন কাজ শুরু করা হবে। বিশেষ করে বিএনপির জেলা ও মহানগর এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনে জোর দেওয়া হবে। ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন:

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের পর দল পুনর্গঠনের গতি আরও বাড়ানো হবে। কাজের মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রিপরিষদেও রদবদল আনা হতে পারে—এমন আলোচনা জোরালো হচ্ছে। তবে এ নিয়ে দলে কারও কারও দ্বিমত রয়েছে। তাদের যুক্তি, ফ্যাসিস্ট শেখ হাসিনা যেখানে দেশকে রেখে গেছেন—ভঙ্গুর রাষ্ট্র এবং অর্থনীতি; এই দেশ ঠিক করতে হলে আরও সময়ের প্রয়োজন। ফলে মন্ত্রীদের কর্মের মূল্যায়নে ছয় মাস যথেষ্ট নয়।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘দল পুনর্গঠনে মনোযোগ দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। এটা করতেই হবে।’ মন্ত্রিসভায় এই মুহূর্তে ‘রদবদল’ করা ঠিক হবে না। আরও দুই-তিন মাস অপেক্ষা করতে পারলে ভালো হবে।

1 comment on “বিএনপির স্থায়ী কমিটিতে চার নুতন মুখ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *