অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। এ কারণে ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
গত সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ঘোষিত বাজেটে নির্বাচন কমিশনের জন্য মোট ২ হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় বাবদ ২ হাজার ৭২৭ কোটি টাকা এবং উন্নয়ন বরাদ্দ ২২৯ কোটি টাকা। চলতি ২০২৪–২৫ অর্থবছরে নির্বাচন কমিশনের সংশোধিত বরাদ্দ ছিল ১ হাজার ১৪২ কোটি টাকা, যার মধ্যে পরিচালন বরাদ্দ ৭১৬ কোটি টাকা এবং উন্নয়ন বরাদ্দ ৪২৬ কোটি টাকা। সেই তুলনায় আগামী অর্থবছরে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৮১৪ কোটি টাকা, অর্থাৎ ১৫৯ শতাংশ।
বাজেটে পরিচালন ব্যয় বাবদ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ২ হাজার ১১ কোটি টাকা, যা চলতি অর্থবছরের ৭১৬ কোটি টাকা থেকে বেড়ে ২ হাজার ৭২৭ কোটি টাকা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতির জন্যই এই বরাদ্দ বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। সে সময় নির্বাচন কমিশনের জন্য মোট বরাদ্দ ছিল ৪ হাজার ১৯০ কোটি টাকা, যার মধ্যে পরিচালন ব্যয় ছিল ৩ হাজার ৯৮১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ২০৯ কোটি টাকা। আগামী নির্বাচনের জন্য বরাদ্দ কিছুটা কম হলেও পরিচালন খরচে উল্লেখযোগ্য গুরুত্ব দেওয়া হয়েছে।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































