বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি সুবিধাভোগী চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির নাম ব্যবহার করে ইনকাম ট্যাক্স নিয়ে আন্দোলন করছে। শুক্রবার নয়া পল্টনে ঢাকা মহানগর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী স্পষ্ট করেন, “দলের অনুমতি ছাড়া বিএনপির নামে সরকারি দপ্তরে কেউ আন্দোলন করলে এর দায় বিএনপির নয়। বিএনপি এ ধরনের আন্দোলন সমর্থন করে না। ইনকাম ট্যাক্স নিয়ে যারা বিএনপির নামে আন্দোলন করছে, তারা বিএনপির কেউ নয়।”
তিনি দলের নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “রক্ত ও সংগ্রামের মধ্য দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা দিয়ে আগামী দিনে ভালো রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”
রিজভী আরও উল্লেখ করেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের বক্তব্য থেকেই প্রমাণিত হয়েছে যে, শেখ হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত হয়েছিল। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, সংস্কারের মাধ্যমে যৌক্তিক সময়ে সরকার নির্বাচন দেবে।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































