বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি বা জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সকলের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “গত ১০ মাসে জঙ্গিবাদের কোনো তথ্য পাওয়া যায়নি। যখন ছিল, তখন আপনারা তথ্য দিয়েছেন। এখন নেই, তাই দিতে পারছেন না। বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই।”
আরও পড়ুন: মালয়েশিয়ায় জিএমআরবি সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস, ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় বাংলাদেশিদের ‘জঙ্গি’ ট্যাগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, “যে তিনজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউ জঙ্গি নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রেস রিলিজ দিয়েছে। তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, মালয়েশিয়ার পুলিশ প্রধানের উল্লেখিত পাঁচজনের বিষয়ে তদন্ত চলছে, তবে তারা বাংলাদেশে এসে পৌঁছায়নি। “আমরা সরকারি পর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তবে এদের বাংলাদেশে কোনো সম্পৃক্ততা নেই।”
আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যার্পণের প্রচেষ্টা অব্যাহত থাকবে: তৌহিদ হোসেন
রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাক-সবজি, ফলমূলসহ বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। রপ্তানি প্রক্রিয়া পর্যবেক্ষণ করতেই আমি এখানে এসেছি।” তিনি জানান, দেশের রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কোল্ড স্টোরেজের ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা চলছে।
তিনি বলেন, “নতুন এক্সপোর্ট টার্মিনালে স্ক্যানিংয়ের পরও যদি কোনো পণ্য বিমানে তুলতে বিলম্ব হয়, তবে সেগুলো সঙ্গে সঙ্গে কোল্ড স্টোরেজে রাখা যাবে। বর্তমানে ওভারলোডের কারণে পণ্য রাখার পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নেই, কিন্তু নতুন টার্মিনালে এই সুবিধা থাকবে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “আমরা শুধু এক বা দুটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। বিভিন্ন ধরনের পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে কাজ করছি।” তিনি কৃষি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে আরও অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তথ্য সুত্র: বাসস



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































