স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যামামলার অন্যতম আসামি মো. নান্নু কাজীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব)-১১। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), আলমগীর (২৮), মনির ওরফে ছোট মনির (২৫), টিটন গাজী (৩২), সজীব ব্যাপারী, রাজীব ব্যাপারী এবং মো. নান্নু কাজী।
আরও পড়ুন: মিটফোর্ডের হত্যাকাণ্ডকে ব্যবহার ‘রাজনৈতিক দুরভিসন্ধি’: বিএনপি
লাল চাঁদ সোহাগের হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার (১০ জুলাই) নিহতের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া, অস্ত্র মামলাও দায়ের করা হয়েছে, যেখানে গ্রেপ্তারকৃত তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়
ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ এবং ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, টিটন গাজী, সজীব ব্যাপারী এবং রাজীব ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































