নাসিরউদ্দিন পাটোয়ারীর-newsedge24

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে ‘নব্য গডফাদার’ মন্তব্যের জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুঁসে উঠে বিক্ষোভ মিছিল করেছেন। চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করা হয়েছে, এবং ঈদগাঁওয়ে পূর্বনির্ধারিত পথসভা বাতিল করতে বাধ্য হয়েছে এনসিপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ হস্তক্ষেপ করেছে।

শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এক পথসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দিতে গিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, “প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে। তিনি সংস্কার বোঝেন না, পিআর বোঝেন না। কক্সবাজারের জনতা তাকে রাজপথে প্রতিহত করবে ইনশাআল্লাহ।”

এই বক্তব্যে সরাসরি নাম উল্লেখ না করলেও রাজনৈতিক মহলে এটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রতি ইঙ্গিত বলে ধরা হয়। এরপরই কক্সবাজারে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আরও পড়ুন: ভালো মানুষ না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

নাসিরউদ্দিনের বক্তব্যের পর বিএনপি নেতাকর্মীরা কক্সবাজার ও চকরিয়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে এনসিপির পথসভার জন্য ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চটি বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ভাঙচুর করে। বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় কক্সবাজার জেলার সীমানা পার করে দেওয়া হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন বলেন, “আমাদের কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে এসেছেন। হাজারো ছাত্র-জনতা তাদের বরণ করেছে। আমরা আশা করি, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সম্পন্ন হবে।” তবে নাসিরউদ্দিনের বক্তব্যের পর সৃষ্ট পরিস্থিতির কারণে এনসিপি নেতারা চকরিয়া ও ঈদগাঁওয়ে তাদের কর্মসূচি সম্পন্ন করতে পারেননি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একই সমাবেশে বলেন, “স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, গডফাদারতন্ত্র ও মাফিয়াতন্ত্র বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে সংস্কার অপরিহার্য। জনগণ সংস্কার চায়।” তিনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *