এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত-newsedge4

যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় ৩১ জন নিহত ও দেড় শতাধিক আহত হওয়ার পর আজ মঙ্গলবার (২২ জুলাই) এবং আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া, এই ঘটনায় মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া সাতটায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার কারণে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রুটিন অনুযায়ী এদিন রসায়ন (তাত্ত্বিক) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।

একইভাবে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ওই দিন অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষ হওয়ার পর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *