রাজধানীর ভাটারা থানায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সরকারবিরোধী পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগে মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে।
গোয়েন্দা সূত্র ও মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীসহ ৩০০-৪০০ জন অংশ নেন। বৈঠকে সরকারবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়, যার মধ্যে ছিল শাহবাগ মোড় অবরোধের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরত নিশ্চিত করা।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ডিসি তালেবুর রহমান জানান, “ওই বৈঠকের ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।” পুলিশের দাবি, শেখ হাসিনার নির্দেশে সারাদেশ থেকে লোকজন এনে ঢাকায় জড়ো করার পরিকল্পনা বৈঠকে আলোচিত হয়।
আরও পড়ুন: সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার
গত ১৩ জুলাই ভাটারা থানায় এসআই জ্যোর্তিময় মণ্ডল মামলাটি দায়ের করেন। এজাহারে প্রধান আসামি যুবলীগ নেতা সোহেল রানা ও দ্বিতীয় আসামি আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ১২ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে সোহেল রানা ও শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়।
সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, “মেজর সাদিকের বিষয়ে আমরা অবগত। তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকের আরেকটি উদ্দেশ্য ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের কার্যক্রম গতিশীল করা। গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, যারা ‘প্রিয় স্বদেশ’, ‘এফ ৭১ গেরিলা’, ‘বঙ্গবন্ধু প্রজন্ম’, ‘প্রজন্ম ৭১’, ‘শেখ হাসিনা’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































