মোজাম্মেল বাবু-newsedge24

বৈশাখী টিভির কর্মকর্তা চৌধুরী মো. হুমায়ুন কবিরের দায়ের করা চাঁদাবাজি মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মোজাম্মেল বাবুর নেতৃত্বে বৈশাখী টিভির কার্যালয়ে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং ৪.৫ লাখ টাকা নগদ ও ৩ লাখ টাকার শেয়ার ফরমে স্বাক্ষর নেওয়া হয়।

রোববার সকালে মোজাম্মেল বাবুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। বনানী থানার উপ-পরিদর্শক রাজিউল আমিন গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, “মোজাম্মেল বাবুর নেতৃত্বে বৈশাখী টিভির কার্যালয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং নগদ ৪.৫ লাখ টাকা নেওয়া হয়।” আদালত এই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ প্রহরায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

আরও পড়ুন: মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের ৫ দিনের রিমান্ড

মামলাটি চলতি বছরের ১১ জানুয়ারি বনানী থানায় দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ২০০৭ সালের ১৭ মার্চ মোজাম্মেল বাবুসহ তিনজন বৈশাখী টিভির অফিসে গিয়ে চাঁদাবাজি করেন এবং শেয়ারহোল্ডার হওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এর আগে, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলন-সংক্রান্ত রমনা থানার একটি হত্যা মামলায় ২৩ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *