বাংলাদেশ পুলিশের সাতজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (অতিরিক্ত আইজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:
- মো. আলী হোসেন ফকির, ডিআইজি, এপিবিএন
- জি এম আজিজুর রহমান, ডিআইজি, এসবি
- মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপি
- মো. মোস্তফা কামাল, ডিআইজি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন
- কাজী মো. ফজলুল করিম, ডিআইজি, পুলিশ অধিদপ্তর
- মো. রেজাউল করিম, ডিআইজি, হাইওয়ে পুলিশ
- মো. আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
প্রজ্ঞাপনের বিস্তারিত
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার ২০২৪ সালের ৯ অক্টোবরের ৫৪০ নম্বর পত্রে উল্লিখিত সকল আনুষ্ঠানিকতা পালনের পর নবসৃষ্ট সাতটি সুপারনিউমারারি পদের বিপরীতে এই পদোন্নতি দেওয়া হয়েছে। এই পদগুলোর মেয়াদ এক বছর, যা পদ সৃজনের তারিখ থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে এই সুপারনিউমারারি পদগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের নিজ নিজ পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































