রিকশাচালক-newsedge24

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক মো. আজিজুর রহমানকে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় জামিন দেওয়া হয়েছে। রবিবার (১৭ আগস্ট ২০২৫) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম এক হাজার টাকার মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন।

রবিবার সকালে আজিজুরের স্ত্রী চুমকি খাতুন আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমার স্বামী রাজনীতির সঙ্গে জড়িত না। আবেগের বশে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে গিয়েছিলেন। জামিন পেয়েছেন, আমি খুশি।”

আজিজুরের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী শুনানিতে বলেন, “আসামি একজন রিকশাচালক। ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন। পুলিশ তাকে গ্রেপ্তার করে। আগে একটি পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রিকশাচালক আজিজুর দিন আনে, দিন খায়। তাঁর রিকশাটাও নিয়ে যাওয়া হয়েছে। জামিনের প্রার্থনা করছি।”

আরও পড়ুন: খায়রুল হকের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় ধানমন্ডি থানাধীন নিউমার্কেট থেকে সাইন্সল্যাব এলাকায় মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। দুপুর ২:৩০ মিনিটে আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। এতে আরিফুলের পিঠে গুলি লাগে, এবং তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাস চিকিৎসার পর সুস্থ হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *