রাজধানীর কাকরাইলে গত শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) রাতে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় এবং বেশ কয়েকজন আহত হন। শুক্রবার দিবাগত মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত আনুমানিক ৮টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করে। কিন্তু সংঘর্ষ তীব্র হলে পুলিশ সেনাবাহিনীর সহায়তা চায়। এ সময় কতিপয় নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালানো হয় এবং বেশ কয়েকজন পুলিশ ও সেনা সদস্য আহত হন।
সেনাবাহিনী জানায়, তারা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং আইন মেনে মতপার্থক্য নিরসনের অনুরোধ জানায়। কিন্তু বারবার অনুরোধ উপেক্ষা করে কিছু নেতাকর্মী রাত ৯টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা বাড়ায়, ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বিজয়নগর, নয়াপল্টন ও আশপাশের এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। জননিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী শেষ পর্যন্ত বল প্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্যসহ অনেকে আহত হন।
আরও পড়ুন: নুরুল হক নুরের নাকের হাড় ভেঙেছে , মাথায় আঘাত রয়েছে
সরকারের জিরো টলারেন্স নীতির প্রতি সমর্থন জানিয়ে সেনাবাহিনী বলেছে, তারা মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































