মে দিবসে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে-newsedge24

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক শেষ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি জানিয়েছেন, তথ্য-উপাত্তের ভিত্তিতে যাচাই-বাছাই করে শীঘ্রই একক প্রার্থীদের নাম ঘোষণা করবে বিএনপি।

গত রোববার ও সোমবার এই দুই দিনে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত রোববার রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগ এবং গতকাল সোমবার রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা পর্যায়ক্রমে সভায় যোগ দেন।

সূত্রের মতে, গুরুত্বপূর্ণ এই নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের কঠোর দলীয় নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি আসনে একাধিক যোগ্য ও ত্যাগী প্রার্থী থাকলেও, যাকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মূল লক্ষ্য হবে ‘ধানের শীষের বিজয় নিশ্চিত করা’। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলে কোনো ধরনের বিভেদ বা কোন্দলের সুযোগ নেই। কোন্দল বা বিভক্তি তৈরি হলে দল ক্ষতিগ্রস্ত হবে এবং অন্যরা সুযোগ নেবে।

তারেক রহমান স্থানীয় সহকর্মীদের সাহায্য ছাড়া নির্বাচন করা কঠিন হবে উল্লেখ করে প্রতিটি নেতাকর্মীর সঙ্গে সৌহার্দ্য বজায় রেখে মানুষের কাছে যাওয়ার এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির নির্দেশ দেন। তিনি মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং ব্যক্তিগত প্রচারণার বদলে দলের প্রচারণায় মনোযোগী হতে নির্দেশ দিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান সরকার জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং যিনি মনোনয়ন পাবেন তার বিজয় সুনিশ্চিত করতে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি মনে করেন, তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সবাই তা মেনে চলবে।

খুলনার এক মনোনয়ন প্রত্যাশী বলেন, তারেক রহমান আগামী নির্বাচনকে ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন। অন্যদিকে, নেত্রকোনা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন এবং তিনি বিশ্বাস করেন দল অবশ্যই যোগ্য লোককে মনোনয়ন দেবে।

আরও পড়ুন: বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএনপি: সালাহউদ্দিন

এই বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রার্থীদের কাছে আমাদের বার্তা একটাই—বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের বড় শক্তি।

মতবিনিময় সভায় মনোনয়ন প্রত্যাশীরা নীরবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন এবং দল থেকে যাকে প্রার্থী করা হবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *