রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সারাদেশের সব আদালতে বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় নিরাপত্তা বাহিনী নিয়োজিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। দাবি পূরণে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছে অ্যাসোসিয়েশন। তা না হলে আগামী রোববার থেকে সারাদেশে একযোগে কলমবিরতি পালন করবেন বিচারকেরা।
শুক্রবার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলায় জড়িত এবং গ্রেপ্তারকৃত আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচারকদের কর্মপরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে রোববার থেকে কলমবিরতি পালন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অ্যাসোসিয়েশন রাজশাহীর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে।
আরও পড়ুন: রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজশাহী জেলা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসভবনে ছুরিকাঘাতে তার ১৭ বছরের ছেলে তাওসিফ রহমান নিহত হন। আহত হন তার স্ত্রী তাসমিন নাহার। এ ঘটনা বিচারক সমাজে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে এবং নিরাপত্তা বিষয়ে দাবি উঠেছে।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































