জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড প্রাপ্ত রাজসাক্ষী ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে গাজীপুরের বিশেষ কারাগারে রয়েছেন। দণ্ড কার্যকর হওয়ায় কারাবিধি অনুযায়ী তার ডিভিশন–১ সুবিধা বাতিল হয়ে যাচ্ছে। এখন থেকে তিনি ডিভিশন–২ এর আওতায় থাকবেন এবং কয়েদির পোশাক পরতে হবে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, “ডিভিশন–১ এ থাকা কোনো বন্দীর সাজা হলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ডিভিশন–২ এ নেওয়া হয়। সাজাপ্রাপ্ত বন্দীর পুনরায় ডিভিশন–১ পাওয়ার সুযোগ নেই।” তবে রাজসাক্ষী মামুন চাইলে ডিভিশন সুবিধা বহাল রাখার আবেদন করতে পারবেন। সরকার অনুমোদন দিলে তিনি ডিভিশন–২ পাবেন; অনুমোদন না পেলে সাধারণ কয়েদি হিসেবে থাকতে হবে।
কারা অধিদপ্তর জানায়, বিচারাধীন বন্দীদের সামাজিক মর্যাদা, পদমর্যাদা ও অভ্যাস অনুযায়ী ডিভিশন–১, ডিভিশন–২ ও ডিভিশন–৩ শ্রেণিতে ভাগ করা হয়। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী শীর্ষ ১৮ পদে থাকা সাবেক ব্যক্তিরা ডিভিশন–১ পান।
জানা গেছে, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে দেড়শ’র বেশি মামলা রয়েছে। ১৯৮২ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেওয়া মামুন বাংলাদেশ পুলিশের ২৯তম মহাপরিদর্শক ছিলেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি আইজিপির দায়িত্ব পান। এর আগে র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































