বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউ-তে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, “সিসিইউ-তে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চেয়ারপারসনের চিকিৎসা চলছে।” খালেদা জিয়া দলের পক্ষ থেকে দেশবাসীদের মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে গত রোববার রাত ৮টার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বুকে ও ফুসফুসে সংক্রমণে ভুগছেন এবং ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি সমস্যা, আর্থ্রাইটিস ও চোখের সমস্যায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন। তাঁর হার্টে স্থায়ী পেসমেকার ইমপ্লান্ট করা হয়েছে এবং হৃদপিণ্ডের স্টেন্টিং অপারেশনও হয়েছে।
খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধানকারী মেডিকেল বোর্ডের সদস্য প্রফেসর এফএম সিদ্দিকি বলেন, “গত কয়েক মাস ধরে তাঁর শারিরিক জটিলতা দেখা দিচ্ছে। রোববার সন্ধ্যায় একাধিক সমস্যা একসঙ্গে দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী ১২-২৪ ঘণ্টার অবস্থা গুরুত্বপূর্ণ।”
লন্ডনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ রাখছেন। ঢাকায় তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান তার সাথে রয়েছেন।
আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
এদিকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজের পর সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে এ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দেশের বাইরে থাকা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদেরও স্থানীয় মসজিদে একই সময়ে দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































