বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো উন্নতি হয়নি। তিনি এখনো একই জটিল ও সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”
তিনি আরও জানান, এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন খালেদা জিয়া। দলের নেতারা নিয়মিত মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন।
হাসপাতালের সামনে ভিড় প্রসঙ্গে রিজভী বলেন, “অতিরিক্ত ভিড় চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটায়। সবাইকে অনুরোধ করছি—হাসপাতালের সামনে ভিড় না করে নিজ নিজ অবস্থান থেকে দেশনেত্রীর আরোগ্য কামনায় দোয়া করুন।”
আরও পড়ুন: মায়ের গুরুতর অসুস্থতায় তারেক রহমানের আবেগঘন বার্তা
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণ, হৃদরোগ ও লিভারের জটিলতাসহ দীর্ঘদিনের একাধিক রোগে ভুগছেন তিনি।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































