অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে। বুধবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “দেশের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও জাতীয় সংকটে সশস্ত্র বাহিনীর ভূমিকা অতুলনীয়। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে ন্যাশনাল ডিফেন্স কলেজ অগ্রণী ভূমিকা পালন করছে।”
কোর্স সম্পন্নকারীদের উদ্দেশে তিনি বলেন, “বছরব্যাপী অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্তে কার্যকর ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে: সিইসি
এ বছর এনডিসি-২০২৫ কোর্সে ৯৬ জন অংশ নেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ১৮টি বন্ধুপ্রতিম দেশের ২৯ জন কর্মকর্তা। পাশাপাশি আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে সম্পন্ন করেন।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































