জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন।
হাই প্রোফাইল কয়েকটি আসন- নাহিদ ইসলাম (ঢাকা-১১), আখতার হোসেন (রংপুর-৪), নাসীরুদ্দীন পাটোয়ারী (ঢাকা-১৮), সারজিস আলম (পঞ্চগড়-১), তাসনীম জারা (ঢাকা-৯), হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা-৪), আব্দুল হান্নান মাসউদ (নোয়াখালী-৬)।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “আমরা ‘ব্যালট রেভল্যুশন’-এ যাচ্ছি। প্রতিটি প্রার্থী দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাইবেন এবং একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রচারণা চালাবেন।”
কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, “মনোনয়ন ফরম সবার জন্য উন্মুক্ত ছিল। দেড় হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এই তালিকায় ব্যতিক্রম দেখবেন—অনেক নতুন মুখ, তরুণ ও নারী প্রার্থী।”
আরও পড়ুন: নির্বাচনের তফসিল এই সপ্তাহেই ঘোষণা: সিইসি
এনসিপি নেতারা জানিয়েছেন, বাকি আসনের প্রার্থী তালিকা দুই ধাপে ঘোষণা করা হবে। দলটি এবার প্রায় সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী তফসিল ঘোষণার পরই মনোনয়নপত্র জমা শুরু হবে।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































