মির্জা ফখরুল ইসলাম আলমগীর-newsedge24

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে ‘বাংলাদেশের শত্রুরা’ হত্যাকাণ্ডে মেতে উঠেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে।”

রোববার সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও স্বপ্ন দেখছে একটি গণতান্ত্রিক বাংলাদেশের। যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখব, গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষা করব। সকল ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ করে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার আদায় করবে। যথাসময়ে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, “এই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে যে আমূল পরিবর্তন এনেছিলেন তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতা এবং ঢাকা মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হাদীর ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত: মির্জা আব্বাস

এর আগে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সর্বস্তরের মানুষের জন্য পরে স্মৃতিসৌধ দুটি উন্মুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *