সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল ইমতু রাতিশ ইমতিয়াজ ও মারিয়া কিশপট্টের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার দিবাগত রাত ২টার পর জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগ দেন। তবে অভিযোগটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, “অভিযোগটি সাইবার-সংক্রান্ত। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
অভিযোগের বিবরণ
অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও শেখ হাসিনার অনুসারীরা দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। অভিযুক্তরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এতে সম্পৃক্ত। ৫ আগস্টের পর তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও টক শোতে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছেন। এতে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উসকানি পেয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা ও অবকাঠামো ধ্বংসে জড়িত হচ্ছে।
আরও পড়ুন: হাদীকে গুলিকরা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান: ডিএমপি কমিশনার
একই রাতে সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































