ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় দেশে আসার কথা রয়েছে। এ উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম শুক্রবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে।
ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: ওসমান হাদির মরদেহ আজ আসছে, জানাজা শনিবার
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বিমানবন্দর থেকে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে আসা হবে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































