হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দর্শনার্থী ও সহযাত্রীদের সম্পূর্ণভাবে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিমানবন্দরের নির্বাহী পরিচালকের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ব্যতীত সব ধরনের সহযাত্রী ও ভিজিটরের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ পরিপ্রেক্ষিতে যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: তারেক রহমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































