Brent Christensen-ব্রেন্ট ক্রিস্টেনসেন-newsedge4

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমি খুবই আগ্রহী। আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।”

তিনি আরও বলেন, “নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের এবং শুধু বাংলাদেশের জনগণেরই। বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।”

প্রধান উপদেষ্টার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি বলেন, “গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি আমাকে বলেছেন যে, তিনি আশা করছেন নির্বাচন দিবসটি একটি উৎসবমুখর দিন হবে। আমি আশা করি এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবেন এবং আপনারা একটি অত্যন্ত সফল নির্বাচন সম্পন্ন করবেন।”

সিইসির সঙ্গে বৈঠকের পর তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, “প্রধান নির্বাচন কমিশনার যে তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন, সেগুলো নিয়ে আমি খুবই সন্তুষ্ট। আপনাদের সবার মতো আমিও ফেব্রুয়ারির ১২ তারিখের ফলাফলের অপেক্ষায় আছি।”

আরও পড়ুন: বিদেশি কূটনীতিকদের আস্থা অর্জন করেছে নির্বাচন কমিশন: সিইসি

বেলা ১১টা ৫০ মিনিটে শুরু হওয়া এই বৈঠকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ অংশ নেন। মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ।

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *