ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর রেড নোটিশ জারির জন্য আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধ সুবিধা নিয়ে গুলশান-২ এলাকার রোড নং-৭১-এ অবস্থিত ফ্ল্যাট নং-বি/২০১ (পুরাতন ঠিকানা ৫এ ও ৫বি, বর্তমানে ১১এ ও ১১বি) রেজিস্ট্রি দলিলের মাধ্যমে দখল বুঝে নেন।
আবেদনে আরও অভিযোগ করা হয়:
- ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও অভিযোগ থাকায় সম্পত্তিটি হস্তান্তরযোগ্য ছিল না।
- টিউলিপ তার খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন এবং নিজে প্রধানমন্ত্রীর ভাগনি হিসেবে দলীয় প্রভাব ব্যবহার করেন।
- রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) আইন উপদেষ্টা হিসেবে সংস্থার আইন কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিংকে আমমোক্তার অনুমোদন ও ফ্ল্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেন।
- এতে অবৈধ সুবিধা দেওয়া-নেওয়ার মাধ্যমে অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে ফ্ল্যাটটি বিনামূল্যে গ্রহণ করেন।
আবেদনে উল্লেখ করা হয়, মামলা দায়েরের আগেই টিউলিপ সিদ্দিক দেশত্যাগ করেছেন। তিনি মামলা প্রমাণে সহায়ক প্রমাণাদি ও আলামত নষ্ট করার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা অত্যাবশ্যক। দেশের বাইরে থাকায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































