বিমান-ইরানের আকাশসীমা-newsedge24

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের পাল্টা হামলার আশঙ্কায় অঞ্চলটির আকাশপথে চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ। শনিবার বিকেল ৪টার দিকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলো যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সকল রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে নতুন সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৯ (ঢাকা-দাম্মাম) মাঝপথ থেকে ফিরে আসছে। ফ্লাইটটি ইতোমধ্যে ঘুরে ঢাকার দিকে রওনা দিয়েছে বলে নিশ্চিত করেছে বিমানের জনসংযোগ বিভাগ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বলেন, “চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।”

ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। দুবাইতে অবস্থানরত একটি ফ্লাইট সেখানেই নিরাপদে রয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের অন্তত ৬ দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানান, “আপাতত মধ্যপ্রাচ্যের সকল রুটে ফ্লাইট চলাচল হোল্ডে রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাসের জন্য এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ করা যাচ্ছে।”

এই স্থগিতাদেশের কারণে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন। অনেকে টিকিট বাতিল বা পুনর্নির্ধারণের জন্য এয়ারলাইন্স কাউন্টারে ভিড় করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *