রাষ্ট্রপতির ভাষণের শুরুতেই ওয়াকআউট-newsedge24

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ শুরু হতেই ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের সংসদ সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ কক্ষে রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্লোগান দেন—‘স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’। স্লোগানের পরপরই জোটের সদস্যরা অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।

রাষ্ট্রপতির ভাষণের শুরুতে এই ওয়াকআউট সংসদে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। জামায়াত নেতৃত্বাধীন জোট আগে থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আসছিল। তারা দাবি করে আসছিল যে, বর্তমান রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিযুক্ত হয়েছেন এবং নির্বাচিত সরকারের অধীনে তাঁর অবস্থান নিয়ে সাংবিধানিক প্রশ্ন রয়েছে। এ কারণে তারা ভাষণের সময় উপস্থিত থাকতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন।

ওয়াকআউটের পর জোটের একজন নেতা সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের বলেন, “আমরা এই সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে এসেছি, কোনো স্বৈরাচারী ব্যবস্থার দালালির জন্য নয়। রাষ্ট্রপতির ভাষণ শুনলে তা আমাদের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। তাই আমরা প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছি।”

আরও পড়ুন: স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি

অধিবেশন চলাকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ওয়াকআউটের বিষয়টি উল্লেখ করে বলেন, “সংসদে সবাইকে থাকার সুযোগ আছে। যারা থাকতে চান না, তারা যেতে পারেন। তবে এটি সংসদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *