মির্জা আব্বাস-newsedge24

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, “উনাকে (মির্জা আব্বাস) হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা উনাকে অবহিত করা হচ্ছে।”

তিনি আরও জানান, ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে দেশের সিনিয়র নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। কিছুক্ষণ আগে বোর্ড বৈঠকে বসেছে। উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ারও প্রস্তুতি রাখা হয়েছে, তবে এটা বোর্ড নির্ধারণ করবে।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “মির্জা আব্বাসের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা ৬টায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) তাকে ভর্তি করা হবে।”

গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। তিনি বর্তমানে নিউরো আইসিইউতে চিকিৎসাধীন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকারের পক্ষ থেকে মির্জা আব্বাসের চিকিৎসার সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *