দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পেছনে শিশুদের নিয়মিত টিকাদানে তৈরি হওয়া ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতিকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত দুই বছরে টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার ডব্লিউএইচও’র ঢাকা কার্যালয় লিখিতভাবে এ তথ্য জানায়। সংস্থাটি বলেছে, ইতোমধ্যে দেশের ৫৬টি জেলায় হাম ছড়িয়ে পড়েছে।
৩০ মার্চ পর্যন্ত দেশে ২ হাজার ১৯০ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৭৬ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৯ শতাংশই দুই বছরের কম বয়সী শিশু। আর ৩৪ শতাংশের বয়স ৯ মাসের নিচে—যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ বয়সগোষ্ঠী।
প্রতি ১০ লাখ জনসংখ্যায় সংক্রমণের হার বর্তমানে প্রায় ১৬.৮, যা দেশব্যাপী বিস্তারের স্পষ্ট লক্ষণ। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই হার নিয়ন্ত্রণে ছিল (প্রতি ১০ লাখে ১-এর নিচে), কিন্তু সম্প্রতি হঠাৎ করে বেড়ে গেছে।
রাঙামাটি, বাগেরহাট, মেহেরপুর, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড় ও বান্দরবান—এই ৮টি জেলায় এখনও হাম শনাক্ত হয়নি। তবে ঢাকা বিভাগে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও সংক্রমণের হার বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভিড-১৯ মহামারির সময় টিকাদানে বিঘ্ন, অসম টিকাদান হার এবং নির্ধারিত ডোজ সম্পূর্ণ না হওয়ায় শিশুদের একটি বড় অংশ ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে একটি সংবেদনশীল জনগোষ্ঠী তৈরি হয়েছে, যা বর্তমান সংক্রমণ বিস্তারে ভূমিকা রাখছে।
ডব্লিউএইচও’র সুপারিশ
পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তারা ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য জরুরি টিকাদান ক্যাম্পেইন, নজরদারি জোরদার, দ্রুত শনাক্তকরণ, উন্নত চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
আরও পড়ুন: রোববার থেকে দেশব্যাপী হামের টিকাদান শুরু হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কার্যকরভাবে এই সুপারিশ বাস্তবায়ন না হলে সংক্রমণ আরও বাড়তে পারে এবং নতুন এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। তাই টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনবল ঘাটতি পূরণ ও কমিউনিটির সম্পৃক্ততা নিশ্চিত করাও জরুরি।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































