আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে কাজ করেছিল, এটি এখন আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত সত্য। শুক্রবার (১ মে) ঝিনাইদহের শৈলকূপায় মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “জামায়াতে ইসলামীর আর এখন বলার নৈতিক অধিকার নেই যে, তাদের পূর্বসূরিরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি। কারণ আমরা সংসদে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন-২০২৬’ পাস করেছি।”
তিনি আরও বলেন, “এই আইনের ধারা ২-এর উপধারা ১০-এ স্পষ্টভাবে বলা হয়েছে, ১৯৭১ সালে যারা পাকিস্তানি হানাদার বাহিনী, আলবদর, আলশামস, রাজাকার এবং তৎকালীন রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, মুসলিম লীগ ও নেজামে ইসলামীর বিরুদ্ধে লড়াই করেছিলেন, তারাই মুক্তিযোদ্ধা। এর অর্থ দাঁড়ায়, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।”
আইনমন্ত্রী উল্লেখ করেন, সংসদে বিলটি পাসের সময় জামায়াতে ইসলামী চুপ ছিল। তিনি বলেন, “তাদের মৌনতাই সম্মতির লক্ষণ।”
তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার দরকার, বিএনপি তাই করবে। তবে গণভোটের একটি অংশে প্রতারণা আছে, আমরা সেটির সঙ্গে নেই।”
এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লিখিতভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিলের পক্ষে তাদের অবস্থান জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































