রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে বাসায় ডেকে নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আলী রেজার বিরুদ্ধে অপমানের যে অভিযোগ উঠেছে, তা তদন্তের দায়িত্ব সরকারের নয় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করেছেন, বিচারপতির বিরুদ্ধে ‘মিসকন্ডাক্ট’ বা অসদাচরণের অভিযোগ তদন্ত করার এখতিয়ার একমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। শনিবার (২ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির পদার্থবিজ্ঞান ক্লাসে এক শিক্ষার্থীর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকের কথা-কাটাকাটি হয়। শিক্ষার্থী একটি বাংলা বিষয়ের সমস্যার সমাধান চাইলে শিক্ষক তাকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছে যাওয়ার পরামর্শ দেন। একপর্যায়ে শিক্ষার্থীর ‘অশোভন’ আচরণের প্রেক্ষিতে শিক্ষক তাকে থাপ্পড় দেন।
ভুক্তভোগী শিক্ষকের দাবি, বিষয়টি মীমাংসার জন্য গত ১৮ এপ্রিল প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মাধ্যমে তাকে ওই শিক্ষার্থীর অভিভাবক (বিচারপতি মো. আলী রেজা) এর বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তাকে চরমভাবে অপমান ও মানসিক নির্যাতন করা হয় বলে শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “এই বিষয়টি আইন মন্ত্রণালয়ের বিষয় না। কারণ এটা সুপ্রিম কোর্টের একজন বিচারপতির বিষয়ে যদি মিসকন্ডাক্টের অভিযোগ আসে, সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেখবে। আইন মন্ত্রণালয় বা সরকারের কোনোরকম কর্তব্য, দায়িত্ব বা সম্পৃক্ততা এখানে নেই।”
আরও পড়ুন: দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
এই ঘটনার প্রতিবাদে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তারা প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে একটি স্মারকলিপিও প্রদান করেছে। শিক্ষার্থীদের দাবি, একজন শিক্ষককে ছাত্রের বাসায় ডেকে নিয়ে এভাবে অপদস্থ করা শিক্ষক সমাজের জন্য অত্যন্ত অবমাননাকর।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































