মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাতিল করা হবে না, বরং পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, “এই চুক্তিতে ৬০ দিনের নোটিশ দিয়ে বাতিল করার অপশন রয়েছে। এছাড়া দুই দেশ আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্তে পরিবর্তন আনতে পারে। আমি মনে করি অন্তত পর্যালোচনা করা উচিত।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আমরা সরকারের অভ্যন্তরে চুক্তিটি পর্যালোচনা করব। কোন কোন অংশ রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে তা বিবেচনা করে প্রয়োজনীয় জায়গায় পরিবর্তনের জন্য নেগোসিয়েশনে যাব। বাতিল করলে দ্বিপক্ষীয় সম্পর্ক ও রেসিপ্রোকাল ট্যারিফে নতুন সংকট তৈরি হতে পারে।”
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে গত ৯ মে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































