স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-newsedge24

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো প্রকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত তিন মাসে পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের কোনো অভিযোগ নেই। তিনি বলেন, অতীতের শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করায় সেগুলোর ভাবমূর্তি নষ্ট হয়েছে।

র‍্যাবের আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, র‍্যাবের কার্যক্রম পরিচালনায় একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাহিনীর নাম পরিবর্তন করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। ব্যক্তির অপরাধের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকার একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে এই বাহিনীকে ব্যবহার করায় আন্তর্জাতিক মহলের এই সিদ্ধান্ত এসেছিল। তবে নতুন কাঠামো ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আন্তর্জাতিক মহলের ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন:

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

এছাড়া গুম হওয়া ব্যক্তিদের বিচার প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার কাজ চলছে। এর ফলে গুমের প্রতিটি ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানসহ পুলিশের আইজিপি, র‍্যাবের মহাপরিচালক এবং বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

2 comments on “আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *