ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে বাধার ঘটনায় মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, “আমার সঙ্গে দুর্ব্যবহার হয়েছে বলব না, তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আমার সঙ্গে যে ট্রিট করার কথা ছিল, সেটি করা হয়নি।” মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, “সেখানে আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। একটা জায়গায় বসতে দেওয়া হয়েছিল। ওখানে কোনো রুমে নিয়ে আটকে রাখা হয়েছে, এটা একদম ভুল কথা।”
তিনি আরও বলেন, “আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। ফলে আমার সঙ্গে যা হয়েছে, ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার ছিল। সে কারণে আমি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি, কিন্তু আমি করিনি। কারণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার।”
আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বাধা, অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী
ঘটনায় ভারতের পক্ষ থেকে ভুল স্বীকার করা উচিত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমেই এ বিষয়টি দেখা হবে।”
প্রসঙ্গত, রোববার দিল্লিতে আইওআরএ সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি বিমানবন্দরে আটকে পড়েন। পরে আত্মসম্মানের প্রশ্নে কলম্বো হয়ে দেশে ফিরে আসেন।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































