নেপালে গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যার পর বাংলাদেশের দেওয়া সহানুভূতি ও ত্রাণ সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সম্প্রতি তিনি স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বার্তা পাঠিয়েছেন।
চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী লিখেছেন, ২০২৬ সালের ২৬ আগস্ট নেপালে আকস্মিক বন্যা আঘাত হানার পর আপনার সহানুভূতিশীল বার্তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ধ্বংসাত্মক বন্যায় অনেক প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার ওপর ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে দেশের জনগণ ও বিভিন্ন সম্প্রদায়ের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়েছে।
এই কঠিন সময়ে বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার উদারভাবে ত্রাণ ও মানবিক সহায়তা হিসেবে দিয়েছে, তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, এই সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও নতুন করে জীবন গড়ে তোলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: নেপালে বন্যার ১০ দিন পর টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও নেপালের জনগণকে গভীরভাবে স্পর্শ করেছে। এটি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতিরই বহিঃপ্রকাশ বলে তিনি মনে করেন।
বালেন্দ্র শাহ লিখেছেন, নেপাল বাংলাদেশকে কেবল ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবেই দেখে না, বরং জনগণের পর্যায়ে শক্তিশালী বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে। প্রতিকূল সময়ে বাংলাদেশের দেখানো সহানুভূতি ও সহযোগিতা নেপালের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেছেন।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































