ইশরাক হোসেন-newsedge24

স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ইশরাক হোসেন বলেন, আজকের দিন হতে আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি উনাকে বলেছি পুরো সময়টাতে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা, পরবর্তীতে আরও যদি এলাকা থাকে সেখানকার মাদক নির্মূল এবং আমাদের জাতীয় জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। তিনি সম্মত হয়েছেন। সদয় সম্মত হয়েছেন। আমাকে সুযোগ করে দিয়েছেন। তিনি বলেছেন, ঠিক আছে যাও, এলাকা ঠিক করে এলাকায় কাজ কর।

মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে নেওয়া প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, আমি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি এই অভিযানের মাধ্যমে, সেটার জন্য আগে আমি দুঃখপ্রকাশ করে নিচ্ছি। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কোনো ভুল সেদিন করিনি। আমি কেবল আমার নিরাপত্তার জন্য আমার হাতে অস্ত্রটা যতটুকু সময় প্রয়োজন ততটুকু রেখেছিলাম, পরবর্তীকালে সেটি আর দৃশ্যমান হয়নি।

তিনি বলেন, শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিল একটাই যে আমরা তাদেরকে আইনের হাতে তুলে দেবো, পুলিশের হাতে সোপর্দ করব, কোর্টের মাধ্যমে তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে। স্থানীয় বাসিন্দারা ভয়ে মুখ খোলে না বহু বছর, যারা ওখানে বাস করেন। কারণ এদের কাছে অস্ত্র রয়েছে, অর্থ রয়েছে এবং তারা যেকোনো কিছু করতে পারেন। আমি তাদেরকে ডেকে নিয়ে আসি এবং তাদেরকে কিছুটা হলেও অভয় দেওয়ার চেষ্টা করি।

ইশরাক হোসেন আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বার বার বলেছি যে, পরিকল্পিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে মাদক প্রবেশ করানো হচ্ছে। যাতে একটা দুইটা জেনারেশনকে স্থায়ীভাবে ধ্বংস করে দেওয়া যায়। আশেপাশের আধিপত্যবাদী শক্তি ড্রোনের মাধ্যমে মাদক ফেলে দিচ্ছে।

সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই জাতীয় প্রেস ক্লাবে আসেন ইশরাক। এ সময় তার সঙ্গে ছিলেন শত শত নেতা-কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *