অটোরিকশার-দুর্ঘটনা-newsedge24

শনিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে দুজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার একটি মাদরাসার শিক্ষক ও তার স্বামী।

ঘটনাটি ঘটে সাতকানিয়ার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে ভোর ৪টার দিকে। কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দুটি বাস শতাধিক যাত্রী নিয়ে রওনা হয়। সামনের বাসটি আগে পৌঁছালেও পেছনের বাসটি কেরানীহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়।

নিহতরা হলেন ওই মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)। মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, নিহত দুজন বাসের সামনের আসনে ছিলেন। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে শ্বাস নিতে না পেরে তাদের মৃত্যু হয়েছে।

আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *