যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য।
শুক্রবার ভোর পাঁচটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ মিরসরাই থানায় দায়ের করা একটি নাশকতার মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাঁর সঙ্গে তাঁর স্ত্রী তাহমিনা গিয়াসও ছিলেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে পৌঁছানোর পর গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মিরসরাই থানায় নাশকতার পাঁচটি মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তাঁকে মিরসরাই থানায় নিয়ে যাওয়া হচ্ছে।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































