ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বুধবার (২৩ জুলাই ২০২৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন গত বছরের ২৮ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী, পলায়নের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় তাকে ওই তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন।
আরও পড়ুন: বদলির আদেশ ছিঁড়ে ৮ এনবিআর কর্মকর্তা সাময়িক বরখাস্ত
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিবর্ষণের ঘটনায় মোহাম্মদ ইকবাল হোসাইনের নাম সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। একটি ভিডিওতে দেখা যায়, তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলছেন, “গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।” এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, আন্দোলনের সময় ইকবাল হোসাইন ওয়ারী বিভাগের দায়িত্বে ছিলেন, যার আওতায় যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকা ছিল। এই এলাকাগুলো আন্দোলনের সময় উল্লেখযোগ্য সহিংসতার কেন্দ্রবিন্দু ছিল।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































