অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর ও সর্বজনগ্রাহ্য করতে সার্বিক প্রস্তুতি চলমান। সব ধরনের পূর্বপ্রস্তুতি এগিয়ে চলছে।” সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সব বাহিনীর প্রশিক্ষণ জানুয়ারির মধ্যে শেষ হবে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক। প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগে খুন-অপরাধ বন্ধ হয়ে যাবে না। আমার কাছে তো ম্যাজিকের ছড়ি নেই। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।” জাতীয় পার্টি ইস্যু জাতীয় পার্টির কার্যালয় নিয়ে সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “সব রাজনৈতিক দল এখন মাঠে। কেউ কেউ ঘরে বসে রাজনীতি করতে চায়। তাদের পার্টি অফিস নিয়ে যে সমস্যা আছে, তা সমাধানের প্রক্রিয়া চলছে।”
আরও পড়ুন: আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































