সুপ্রিম কোর্ট-হাইকোর্ট-newsedge24

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে কারচুপি, অনিয়ম ও ফলাফলের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছেন বিএনপির চার পরাজিত প্রার্থী। রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে দায়ের করা এসব আবেদনের ওপর আজ সোমবার শুনানি হবে। বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন।

আবেদনকারী চার প্রার্থী হলেন—কুড়িগ্রাম-২ আসনে বিএনপির সোহেল হোসেন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন। তারা নির্বাচনী অনিয়ম, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, এজেন্টদের বাধা দেওয়া এবং ফলাফল ম্যানিপুলেশনের অভিযোগ এনে ভোট পুনর্গণনা ও ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন।

এর আগে রোববার (১ মার্চ) বিএনপির দুই প্রার্থী—রাজশাহী-৪ আসনে ডি এম ডি জিয়াউর রহমান এবং পাবনা-৪ আসনে মো. হাবিবুর রহমান হাবিব—এর আবেদন গ্রহণ করে হাইকোর্ট। ওই দুই আসনে জামায়াতের প্রার্থীরা জয়ী হয়েছেন। আদালত বিজয়ীদের নোটিশ জারি করে ১১ মে শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

এছাড়া গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আরও চারটি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। এগুলো হলো—শেরপুর-১, ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসন। আবেদনকারীরা হলেন—শেরপুর-১-এ বিএনপির সানসিলা জেবরিন, ঢাকা-৬-এ জামায়াতের মো. আবদুল মান্নান, ঢাকা-৭-এ জামায়াতের মো. এনায়াত উল্লাহ এবং গাইবান্ধা-৪-এ জামায়াতের মো. আবদুর রহিম সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *