রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগে শিপন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল ৯টার দিকে কাঁঠালবাগান আল-আমিন মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাত্রি (২০) এবং তার মা ফিরোজা বেগম (৪৫)।
ফিরোজা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাও গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় শাশুড়িকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রী রাত্রি ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশ জানায়, সকালে পারিবারিক বিরোধের জেরে শিপন তার স্ত্রী ও শাশুড়িকে আক্রমণ করে পালিয়ে যান। পরে পুলিশ তাকে আটক করে।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন সোহেল জানান, পূর্ব শত্রুতার জেরে শিপন তার স্ত্রী ও শাশুড়িকে হত্যা করেছেন। একটি মরদেহ ঢামেক হাসপাতালে এবং অপরটি ঘটনাস্থলে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































