ড. মুহাম্মদ ইউনূস-newsedge24

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২০১০ সালে ময়মনসিংহে দায়ের করা একটি মানহানির মামলা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (২৭ জুলাই, ২০২৫) দুপুরে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক জানান, রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। মামলাটি ২০০৭ সালে ড. ইউনূসের একটি সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। এএফপি সংবাদ সংস্থাকে দেওয়া ওই বক্তব্যে তিনি বলেছিলেন, “বাংলাদেশের রাজনীতিবিদরা শুধুমাত্র ক্ষমতার জন্য কাজ করেন। এখানে কোনো আদর্শ নেই।” এই বক্তব্যের জেরে জাসদের যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা বারের সদস্য নজরুল ইসলাম চুন্নু ২০১০ সালে মানহানির মামলা দায়ের করেন।

আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানের মামলায় সুষ্ঠু তদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০১১ সালে ড. ইউনূস মামলার কার্যক্রম বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। ২০২৪ সালের ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের ডিভিশন বেঞ্চ মামলাটির কার্যক্রম বাতিল করে রায় দেন। রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে, যা ২০২৫ সালের ২ জুলাই চেম্বার আদালত ২৭ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে। রোববার আপিল বিভাগের কার্যতালিকায় বিষয়টি উঠলে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, এবং ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *