সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে যৌথবাহিনী বুধবার (১৩ আগস্ট ২০২৫) দিবাগত রাত থেকে অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত শতাধিক ট্রাক তল্লাশি করে ৭০টি ট্রাক থেকে প্রায় ৩৫,০০০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, যা সাদাপাথরে পুনঃস্থাপনের প্রক্রিয়া চলছে।
অভিযানে সিলেট-ভোলাগঞ্জ ও সিলেট-জাফলং সড়কে শত শত ট্রাক আটক করা হয়। এসব ট্রাকে ভোলাগঞ্জের বিভিন্ন পাথরভাঙা কল ও ডাম্পিং জোন থেকে ভাঙা পাথর বোঝাই করে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সড়কে এমন অভিযানের প্রতিবাদে ট্রাক চালকরা ব্যাপক হয়রানির অভিযোগ তুলেছেন। তারা দাবি করেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের অযথা বেকায়দায় ফেলা হচ্ছে।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা জানান, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, “অবৈধ পাথর উত্তোলন, মজুত বা পাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।” তবে তিনি স্বীকার করেন, লুট হওয়া পাথরের তুলনায় উদ্ধারকৃত পরিমাণ এখনও অতি সামান্য।
পাথর লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্র সাদাপাথর ও জাফলং থেকে অবৈধভাবে পাথরের উত্তোলন ও পাচার করে আসছে। সম্প্রতি এই লুটপাট তীব্র হয়ে পাহাড় থেকে নেমে আসা পাথরের সঙ্গে মাটি খুঁড়ে পাথর তুলে নেওয়া হচ্ছে, যা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে।
আরও পড়ুন: দুদক তদন্তে সাদাপাথরে লুটপাটে প্রশাসনের দায় আছে
এলাকাবাসী মনে করেন, সিলেটের পরিবেশ ও পর্যটনের স্বার্থে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন। বৃহস্পতিবার ভোলাগঞ্জ সড়কে পাথরবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চললেও চালকরা দাবি করেন, স্টোন ক্রাশার জোনে অভিযান চালানো উচিত।
বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে জেলা ও বিভাগীয় প্রশাসনের সভায় সিদ্ধান্ত হয়, চুরি হওয়া পাথর ফেরত এনে সাদাপাথরে পুনঃস্থাপন করা হবে এবং ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন থাকবে।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































