আসন্ন জাতীয় নির্বাচনে শিক্ষক ও কর্মচারীদের সক্রিয় সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান বলেছেন, জ্ঞান ও মেধার ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্র ও সরকার গঠনের লক্ষ্যে বিএনপি আসন্ন নির্বাচনে শিক্ষক সমাজের পূর্ণ সমর্থন ও সহায়তা প্রত্যাশা করে।
তিনি জানান, জনগণের ভোটে ক্ষমতায় এলে শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের কমিশন গঠন করা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে।
তারেক রহমান বলেন, অতীতের সফল উদাহরণ থেকে শিক্ষা নিয়ে এবং ব্যর্থতাগুলো পরিহার করে একটি সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি উল্লেখ করেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশে সরকারি-বেসরকারি, এমপিও ও নন-এমপিও মিলিয়ে প্রায় ৯৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
তারেক রহমান বলেন, এর মধ্যে সম্পূর্ণ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা সম্ভবত ২৬ হাজারের বেশি। জনসংখ্যার তুলনায় এই সংখ্যা পর্যাপ্ত না হলেও, শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের সামনে রোল মডেল হিসেবে নিজেদের উপস্থাপন করতে পারেন, সে জন্য বিএনপি একটি বাস্তবধর্মী শিক্ষা ব্যবস্থাপনা প্রণয়নে কাজ করছে। শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তার জন্যও সুনির্দিষ্ট ও বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে এগোচ্ছে দলটি।
তিনি জোর দিয়ে বলেন, শিক্ষকতা কখনোই ‘বিকল্পহীন পেশা’ বা সাধারণ চাকরির মতো হওয়া উচিত নয়। বরং, মেধাবী ব্যক্তিরা যেন শিক্ষকতাকে প্রথম পছন্দ হিসেবে গ্রহণ করেন, সেজন্য বিএনপি শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে।
তারেক রহমান আরও বলেন, বর্তমান শিক্ষা কারিকুলামকে ব্যবহারিক ও কারিগরি শিক্ষাপ্রধান করতে এবং নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা প্রবর্তনের জন্য ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করা হবে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে জরুরি পদক্ষেপ না নিলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চলছে গভীর ষড়যন্ত্র। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































