১৩ নভেম্বর ঘিরে নজরদারি (টহল) বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘কেপিআইগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।’
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে। সন্দেহভাজন কাউকে দেখলেই পুলিশকে সবাই সেটা জানান।
এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনা কেন্দ্র করে যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক সময়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে বাসে আগুন লাগার ঘটনা ঘটায় সরকার সতর্কতা বাড়িয়েছে। এছাড়া নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক বলে জানান উপদেষ্টা। প্রস্তুতি শেষ হলে একটা মহড়াও দেওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিষদের বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। সরকারের লক্ষ্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিভিন্ন সূত্র।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































