আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার, নিরপেক্ষতা ও প্রসিকিউশন নিয়ে বিরূপ মন্তব্য করায় অভিযুক্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার (৮ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
শুনানির এক পর্যায়ে ফজলুর রহমান বলেন, “আল্লাহর পরই আপনাদের (ট্রাইব্যুনালের) প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান। আমি যা বলেছি, ভুলে বলেছি। এজন্য আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থী।” তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, এখানে একটা অভ্যন্তরীণ বন্দোবস্ত আছে। প্রসিকিউশনকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করেন এবং ট্রাইব্যুনালের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
আরও পড়ুন: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান
টকশোর ওই এপিসোডের পেনড্রাইভ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। ২৬ ও ৩০ নভেম্বর শুনানি শেষে ফজলুর রহমানকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয়। ৩ ডিসেম্বর তিনি লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান এবং আজ আদালতে উপস্থিত হয়ে মৌখিকভাবেও ক্ষমা চাওয়ায় ট্রাইব্যুনাল তাকে অব্যাহতি দেন।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































