স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কাজ খুব দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, চলতি বছরের শেষের দিকে নির্বাচন শুরু হতে পারে এবং এটি শেষ করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগবে।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “ইউনিয়ন পরিষদ অনেক বেশি, তাই নির্বাচন ধাপে ধাপে হবে। এজন্য অনেক সময় লাগবে।” উপজেলা পরিষদ বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি বলে স্পষ্ট করেন ডা. জাহেদ উর রহমান।
২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, তাদের বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, “এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সজাগ।”
হামের টিকাদান প্রসঙ্গে উপদেষ্টা জানান, প্রায় এক কোটি ৬১ লাখ শিশু (৮৯ শতাংশ) হামের টিকা পেয়েছে। শিগগিরই শতভাগ শিশু টিকার আওতায় আসবে। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৩০০ শিশুর মৃত্যু হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: সংবাদের জন্য বিটিভির গুরুত্ব এই মুহূর্তে নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তা বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।
এ সময় তিনি দেশে জঙ্গিবাদের অস্তিত্ব রয়েছে বলেও উল্লেখ করেন।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































