মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পোশাকশ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে।
যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন। এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে সকালেই বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে শ্রমিকরা প্রধান সড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয়। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। কারখানা ছেড়ে বাইরে এসে সকাল থেকে নিজ কারখানার সামনে অবস্থান নেন তারা।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রোববার থেকে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন চলছে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নতুন ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। আন্দোলনরত শ্রমিকরা এখনও তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় রয়েছেন।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































